জামালপুরের মেলান্দহে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)। তিনি চরপলিশা গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছে, জাকির হোসেন ঢাকার নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার দিন একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মামুনুর রশিদ (৩২) জাকিরকে ফোনে করে ডেকে আনেন। জাকিরকে মামুনের শ্বশুরালয় নাংলা গ্রামে নিয়ে যায়। পরদিন জাকিরের লাশ পাওয়া যায়।
হাসপাতালের ডা. মাইন উদ্দিন জানান, মামুনের শ্যালক রবিন মাহমুদ জাকিরের লাশ নিয়ে হাসপাতালে আনেন। এসময় তাকে পুলিশে দেয়া হয়।
জাকিরের এলাকাবাসী জানান, চার/পাঁচ মাস আগে অর্থ লেন-দেন নিয়ে বিরোধের জেরধরে মামুন জাকিরকে ক্ষুরদিয়ে আঘাত করেছিল। থানায় জিডির পর গ্রাম্যভাবে আপোষ করা হয়েছে।
এসআই আবু বকর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে নিহত জাকির হোসেনকে মেলান্দহ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. মাইন উদ্দিন মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট।
অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান জানান, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রবিন মাহমুদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইত্তেফাক/এসএস