দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে এক বাগান পাহারাদারের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া আম ও লিচুর বাগানে এই ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম শফিকুল ইসলাম (৫২)। তিনি উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের হাতিশা গ্রামের মৃত নাজিমদ্দীনের ছেলে।
জানা যায়, বাগান পাহারাদার শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় আজ সকালে জনৈক নজরুল ইসলামের পাইকপাড়ায় আম ও লিচুর বাগান পাহারা দিচ্ছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে শফিকুল ইসলাম নিহত হন। পরে ঝড়ে পড়া লিচু কুড়াতে এসে এক নারী শফিকুল ইসলামকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ নিশ্চিত হন যে শফিকুল ইসলাম বজ্রপাতে নিহত হয়েছে। তার শরীরে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য তাৎক্ষণিক ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
ইত্তেফাক/এসএস