কুতুবদিয়ায় পানিতে ডুবে ৭২ ঘন্টায় মারা গেল ৩ শিশু

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিন কোন না কোন শিশু মারা পড়ছে পানিতে ডুবে। গত শুক্রবার উপজেলার লেমশীখালীতে পানিত ডুবে দুই শিশুর মৃত্যূ হয়। এ শোক শেষ না হতেই উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনোসিকদার পড়া গ্রামে চলছে শোকের মাতম। এ নিয়ে গত ৭২ ঘন্টায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যূর ঘটনা ঘটলো।
 
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ডোবায় পড়ে প্রাণ হারিয়েছে ওই গ্রামের ছরওয়ার আলমের ৩ বছরের শিশুকন্যা নাফসি। শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে সকাল ১১ টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবেদিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
উল্লেখ্য গত ২৫মে শুক্রবার উপজেলার লেমশীখালী মুন্সি মিয়াজির পাড়ায় পুকুরে ডুবে একসঙ্গে ২ শিশুর মৃত্যু হয়।  নিহতরা হলো, লেমশীখালী মুন্সি মিয়াজির পাড়া গ্রামের ইউনুছের শিশু কন্যা তানজিয়া (৫) তার চাচাতো বোন আবু মুছার কন্যা নিস্পা (৫)।
 
জানা যায়, তারা সবার অজান্তে পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে আধঘন্টা পর দুজনকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে প্রাতিনিয়ত শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন এবং সচেতন মহল।  মুলত অভিভাবকদের অসচেতনতার কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটছে বলে মনে করেছেন তারা।
 
ইত্তেফাক/নূহু