বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী হাবিবুন নাহার

খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়রের স্ত্রী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে তার আর কোন বাঁধা থাকল না।
 
যাচাই-বাছাই শেষে রবিবার বিকালে একমাত্র প্রার্থী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর ইসি বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে।
 
রবিবার বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাগেরহাট নির্বাচন অফিসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকীসহ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
রির্টানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার জানান, যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এই দিনের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৪ মে হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
 
এর আগে এ আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।
 
রামপাল-মোংলা এ দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসনে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, ২৪মে মনোনয়নপত্র জমা, ২৭ মে বাছাই এবং ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহার ও আগামী ২৬ জুন ভোট গ্রহণ দিন ধার্য ছিলো।
 
ইত্তেফাক/নূহু