নারায়ণগঞ্জে আসমা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

 
নারায়ণগঞ্জ বন্দরে পোশাকশ্রমিক আসমাকে অপহরণ ও গণধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
 
মামলায় চার্জশিটে মোট ২৪ জন সাক্ষির মধ্যে ১৪ জন সাক্ষির জবানবন্দি ও জেরা শেষে আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নাসির উদ্দিন বিটল (৪০), ছফুন (৩৪) ও খোকন মিয়া (৩২)।
 
আদালতের স্পেশাল পিপি রাকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, আসামিদের জবানবন্দি, সাক্ষিদের দীর্ঘ জেরা শেষে আদালত তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে এবং বাকি ৪ জনকে খালাস দিয়েছে।
 
২০০৮ সালের ১২ মার্চ রাতে মামলার বাদী রাজামিয়ার মেয়ে পোশাকশ্রমিক আসমা আক্তার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে বন্দরের কুশিয়ারা ভদ্রাসন শরবত মিয়ার বাড়ির সামনে থেকে আসামিরা আসমাকে অপহরণ করে এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে দেয়। এ ঘটনায় আসামি খোকন ২০০৮ সালের ১১ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ও আসামিদের নাম উল্লেখ করে।
 

ইত্তেফাক/এএম