সিংড়ায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ও শূন্য দশমিক শূন্য ৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলো, উপজেলার কলম ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঈসমাইলের ছেলে ইয়াকুব আলী (২৫), কলম হাট কদমতলী গ্রামের জিল্লুর সরদারের ছেলে গোলাম তারিফ ও চামারী ইউনিয়নের রুদ্র চামারী গ্রামের হেলালের স্ত্রী শাহিদা (৩০)।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ও সোমবার দুপুরে সিংড়া থানার এসআই খাইরুজ্জামান, শাহেদ, আনহারের নেতৃত্বে উপজেলার কলম ও চামারী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
সারাদেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। সিংড়াতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/নূহু