বরিশালে ক্ষমতার অধিক বিদ্যুৎ সংযোগ, বিপর্যয়ের আশঙ্কা

পুরনো জরাজীর্ণ ট্রান্সফরমারগুলোর ধারণ ক্ষমতার অধিক বিদ্যুৎ সংযোগ দেয়ায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বরিশাল নগরীতে। ক্যাবল সহ বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত বিকল হচ্ছে। ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার পাঁচ লক্ষাধিক গ্রাহক।
 
জোড়াতালি দিয়ে চালানো দীর্ঘ দিনের পুরনো ট্রান্সফরমারে নিয়মিত যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট নিত্য দিনের ঘটনা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এই গরমেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয় নগরবাসীকে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা।
 
গত কয়েকদিনে এখানকার তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে অবস্থান করছে। এ অবস্থায় কখনো কখনো ঘণ্টায় ৪ থেকে ৫ বার লোডশেডিং চলছে। বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, রবিবার এ অঞ্চলে চাহিদা ১১৮ মেগাওয়াটের অনুকূলে সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তাহলে গত এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণ কি তা জানতে চাইলে বিতরণ বিভাগ থেকে কোনো সদুত্তর মেলেনি।
 
বরিশাল বিদ্যুতের সদর ফিডারের ইনচার্জ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম জানান, এখানকার বাণিজ্যিক এলাকাগুলোতে অতিরিক্ত এসি ব্যবহারের কারণে ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি বিকল হচ্ছে। তিনি আরো জানান বিতরণ ট্রান্সফরমারের সংকটের কারণে ধারণ ক্ষমতার অধিক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি