ফরিদপুরের মধুখালীতে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে বড় পরিমাণের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে এলাকা থেকে 'পল্লী উন্নয়ন সংস্থা (পি.ইউ.এস)' নামে একটি ভুয়া এনজিও। যার হেড অফিস উল্লেখ করা হয়েছে- বি.বি এভিনিউ খদ্দর শপিং কমপ্লেক্স, (৬ষ্ট তলা), ৫৮ নম্বর রুম, ঢাকা ১০০, রেজি. নম্বর ম/বি/অ-ঢাকা-১৫২/৯৮।
আজ মঙ্গলবার মধুখালী পৌরসভার পঞ্চিশ গাড়াখোলার মিত্র ভবনে গ্রামে অবস্থিত ‘পল্লী উন্নয়ন সংস্থা’ অফিসের সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাযপুর ইউনিয়নের ব্যাসদী, গাজনা ইউনিয়নের ধোপাগাতি, নওপাড়া ইউনিয়নের দড়িবাজার আড়কান্দি, লক্ষনদিয়া, চোপেরঘাট ও আমডাঙ্গা গ্রাম থেকে প্রতারিত প্রায় শতাধিক পুরুষ ও মহিলা গ্রাহকরা সঞ্চয় বই হাতে উঁচু করে টাকার দাবীতে বিক্ষোভ করছেন।
প্রতারিত সমিতির সদস্য ফাতেমা, মেরী বেগম, জোহরা সহ অনেকেই জানান, এক সপ্তাহ আগে থেকে এই এনজিও’র মহিলা কর্মীরা আমাদের বাড়িতে গিয়ে সমিতি গঠন করে সঞ্চয় নিয়ে আসে এবং আমাদেরকে গত (২৮/৫/১৮) তারিখ ঋণ নেয়ার জন্য অফিসে আসতে বলেন। আমরা অফিসে এসে তালাবন্ধ দেখে মহিলা কর্মীর কাছে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার মোবাইল বন্ধ পায়। পরে আমরা ভবন মালিকের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানতে পারি এরা এখান থেকে পালিয়ে গেছে। এ সময় অনেক সদস্যকে অসহায় অবস্থায় কাঁদতে দেখা যায়।
এ ব্যাপারে ভবন মালিক রনজয় মিত্র বলেন, গত ২১মে পল্লী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সাহারা খাতুন নিজেকে এই এনজিও’র শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে মালিক দেশের বাইরে আছে বলে ২৮ মে চুক্তিপত্র হবে বলে আমার বাসায় উঠেন। কিন্তু আজ মঙ্গলবার আমার বাসার সামনে লোকজন জড়ো হয়েছে জানতে পেরে আমি থানায় জানায়। তবে ম্যানেজার পরিচয় দানকারী সাহারা খাতুনের মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
মধুখালী থানার এস আই মো. মাহাবুল করিম বলেন, ভবন মালিক একটি জিডি করার প্রেক্ষিতে আমরা তদন্তের জন্য ওখানে গিয়েছিলাম। এ সংবাদটি লেখা পর্যন্ত প্রতারিত ও ক্ষতিগ্রস্ত সদস্যরা অফিসের সামনে অবস্থান করছিল।
ইত্তেফাক/এসএস