আইপিএলে গিয়ে ফের ইনজুরিতে মোস্তাফিজ, আফগানিস্তান সিরিজ থেকে বাদ

ভারতের প্রিমিয়ার লীগ আইপিএল-এ খেলতে গিয়ে ফের চোট নিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটের কারণেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।’ আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। 
 
২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পান্টের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।
 
মঙ্গলবার সকালেই ভারতের দেরাদুনের অচেনা ভেন্যুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেতে মোস্তাফিজকে ছাড়াই রওনা হয়েছে বাংলাদেশ দল। সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা জেট এয়ারওয়েজের বিমানটি। দিল্লি থেকে কানেকটিং ফ্লাইটে দেরাদুন পৌঁছাবে টাইগাররা।
 
বাংলাদেশ টি-টুয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
 
ইত্তেফাক/সেতু