রাজশাহী বিদ্যুতবিহীন থাকলেও মুক্তিযোদ্ধাদের ঘরের আলো নিভে যাবে না: বাদশা

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, গোটা রাজশাহী বিদ্যুতবিহীন থাকলেও মুক্তিযোদ্ধাদের ঘরের আলো কখনো নিভে যাবে না। তিনি বলেন, সোলার প্যানেল নিয়ে অনেক স্থানে দুর্নীতি হয়েছে, তাই আমি বলেছিলাম, রাজশাহীতে সোলার প্যানেল পাবেন বীর মুক্তিযোদ্ধারা। ইতোমধ্যে প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে সোলার বিদ্যুৎ পৌঁছে গেছে। যে দু-একজন পাননি, তাদের কাগজপত্রে সমস্যা থাকতে পারে বলে তিনি জানান।
 
সোমবার নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
 
এমপি বাদশা বলেন, কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের হেয় করতে এ আন্দোলন বলে মনে হয়। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দেশের ভিতরে ও দেশের বাইরে থেকে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তাদের মধ্যে এমনভাবে ঐক্য গড়ে তুলতে হবে, যাতে মুক্তিযুদ্ধবিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহত করা যায়। মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। রাজশাহীর উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে যেন মুক্তিযোদ্ধারা সহযোগিতা পায় তার ব্যবস্থা নেয়া হবে। রাজশাহীতে বঙ্গবন্ধু আইটি পার্ক হচ্ছে, এতে ১৪ হাজার দক্ষ কর্মীর চাকরির সুযোগ সৃষ্টি হবে। এতে মুক্তিযোদ্ধার সন্তানদের সুযোগ থাকবে।
 
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রয়াস অব্যাহত রাখতে হবে। আসন্ন সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। এ নির্বাচনে যাতে পরাজিত স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে তার জন্য কাজ করতে হবে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক রাসিক মেয়র অ্যাড. আব্দুল হাদি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম-মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য সদস্য অ্যাড. মতিউর রহমান, সাবেক মহানগর কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজা, সাবেক মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান, সাবেক জেলা কমান্ডার সাইদুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রফেসর রুহুল আমিন প্রামানিক। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. এন্তাজুল হক বাবু। এতে নগরীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/নূহু