আমবাগান থেকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দেবীটলি বাজার এলাকার একটি আমবাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
নিহত প্রেমিকের নাম- নন্দলাল মিলন (১৮)। তিনি ওই ইউনিয়নের খালপাড়া গ্রামের উপেন্দ্র নাথের ছেলে। আর প্রেমিকা সুধারানী (১৭)। তিনি একই ইউনিয়নের দেবীটলি গ্রামের তীরেন চন্দ্র রায়ের মেয়ে।
 
কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা নিহতদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে নিশ্চিত করেন। তিনি বলেন, 'তারা একসঙ্গে লেখাপড়া করত। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লাশের অবস্থান দেখে মনে হচ্ছে ছেলেটি প্রথমে মেয়েটিকে হত্যা করে পরে মেয়েটির ওড়না দিয়ে ছেলেটি নিজেও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।'
 
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিলনের লাশ ঝুলন্ত অবস্থায় আর সুধার লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস