কক্সবাজারের টেকনাফে এক ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক অপহরণের শিকার হয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। স্থানীয় রোহিঙ্গা অপহরণকারী চক্র মুক্তিপণের জন্য এই ঘটনার আশ্রয় নিয়েছে বলে আশংকা করা হচ্ছে।
জানা যায়, গত ২৬মে শনিবার রাত দেড়টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ারের ব্যক্তিগত গাড়ি চালক মোঃ নুরকে (২৭) একদল মানুষ এসে বিশেষ কারণে চেয়ারম্যানের নিকট যেতে হবে বলে জানায়। মোঃ নুর সরল বিশ্বাসে সাদা গেঞ্জি ও লুঙ্গি পরে বের হয়। দুর্বৃত্তদল তাকে একটি মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়।
এরপর দীর্ঘক্ষণ সময় বাড়ি ফিরে না আসায় বিভিন্ন সংস্থা ও স্থানে সন্ধান করে পরিবারের সদস্যরা। সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ে। ৩ দিনপরও মোঃ নুর বাড়ি ফিরে না আসায় তার পিতা নুরুল আমিন থানায় একটি জিডি করেন। যার নং-১২৩৮/২৮-০৫-১৮ইং। অপহৃত হয়ে নিখোঁজ থাকা গাড়ি চালক মোঃ নুরের পরিবার এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহায়তা কামনা করেছেন।
এদিকে চেয়ারম্যানের গাড়ি চালক নিখোঁজের পর মানুষের মনে আতংক দেখা দিয়েছে। অনেকে চলমান মাদকবিরোধী অভিযানে আইন প্রয়োগকারী কোন সংস্থা এলাকার তথ্য যাচাইয়ের জন্য চেয়ারম্যানের গাড়ি চালককে নেওয়া হয়েছে মর্মে ধারণা করছে। আাবর অনেকে পেশাদার ভাড়াটে রোহিঙ্গা সন্ত্রাসী ও অপহরণকারী চক্র দিয়ে অপহরণের আশংকা প্রকাশ করছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে স্থানীয়দের চিহ্নিত দুবৃর্ত্তদের ভাড়াটে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ একই কায়দায় উত্তর আলীখালীর অলি আহমদের পুত্র নুর মোহাম্মদ প্রকাশ অদাইয়াকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। ৪ দিন রাখার পর ২২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে নেচারপার্ক সংলগ্ন পাহাড়ী এলাকায় মুক্তি দেয়।
ইত্তেফাক/নূহু