জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পিয়াইন নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
 
সীমান্তসূত্র জানায়, নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাম্মনকুচুরি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে রাজিব মিয়া (৩৫) ও ভারতের মেঘালয়ের ডাউকি থানার সানপেডেং এলাকার মৃত সাংফেক্স লামিনের ছেলে স্টেইন লামিন (৩২)।
 
গত ২৬ মে দুপুর ৩টায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে আকস্মিক পাহাড়ি ঢল নেমে এসে বোমা মেশিনের বোর্ডে আঘাত করে। এ সময় ৫ শ্রমিক পানিতে পড়ে যান। ৪ জন সাঁতার কেটে তীরে উঠলেও পাহাড়ী পিয়াইন নদীর তীব্র স্রোতে হারিয়ে যান শ্রমিক রাজিব। সহকর্মীরা বহু খোঁজ করেও রাজিবের কোন হদিস পাননি। পরে মঙ্গলবার ঘটনাস্থলেই তার লাশ ভেসে ওঠে।
 
অপরদিকে শুক্রবার পাহাড়ি ঢলে পিয়াইন নদীর ভারতীয় অংশে একটি নৌকা ডুবে স্টেইন লামিন নিখোঁজ হন। ঘটনার ৪ দিনের মাথায় তাঁর লাশ পিয়াইন নদীর বাংলাদেশ অংশে ভেসে উঠে। তিনি পেশায় একজন মাঝি।
 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে পিয়াইন নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
 
ইত্তেফাক/নূহু