কামারখন্দে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জে কামারখন্দে বাসচাপায় আহত মিজানুর রহমান নামে পুলিশের এক নায়েক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজানুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
 
এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৬ পুলিশ সদস্য আহত হন।
 
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে টহল ডিউটিতে ছিলেন মিজান। এ সময় কোনাবাড়ি এলাকায় লালমনিরহাটগামী সাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টহল গাড়িটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান। আহত অন্যান্য পুলিশ সদস্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি