কমলগঞ্জে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে তথাকথিত বন্দুকযুদ্ধে ইসলাম উদ্দীন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের সরিষের তলা ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মাঝামাঝি এ ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামে।
 
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ ভোর ৪টায় এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সরিষের তলা এলাকায় ও কুলাউড়া থানার পুলিশের একটি টহলদল যৌথ টহল দিয়ে ফেরার সময় ডাকাত দলের সামনা-সামনি পড়ে যায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ডাকাত-পুলিশের গুলি বিনিময়কালে বাকি ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে ইসলাম উদ্দীন মারা যান।
 
ঘটনাস্থল কুলাউড়া থানাধীন হওয়ায় পরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম মুসা ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ইসলামের লাশ নিয়ে যান।
 
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ইসলাম উদ্দীন একজন ডাকাত ছিলেন। ইতিপূর্বে গত ২৫ মে রাতে ডাকাতির প্রস্তুতিকালে শমশেরনগর চা বাগান এলাকায় এলাকাবাসী ৩ ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
ইত্তেফাক/এসএস