বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামের কলেজ ছাত্রীকে অপহরনের ২০দিন পর বৃহস্পতিবার সকালে অপহরনের অভিযোগে উজ্জল সন্যামতকে (৩৫) উজিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উজ্জল সন্যামতের বাড়ি বাবুগঞ্জ উপজেলার ঘন্ডেশ্বর গ্রামে। সে ওই গ্রামের খালেক সন্যামতের পুত্র।
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইকবাল হোসেন জানান, আগরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী গত ১১ মে সকাল থেকে নিখোঁজ হন। নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় তাকে বাবুগঞ্জ উপজেলার ঘন্ডেশ্বর গ্রামের মেহেদী হাসান সাগর (১৯), তার ভগ্নিপতি উজ্জল সন্যামাত (৩৫) ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা কাজী আক্তারউজ্জামান বাদি হয়ে ৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
থানা হাজতে থাকা উজ্জল সন্যামত জানায়, কাজী জিনিয়া আক্তার তুবাকে অপহরন করা হয়নি, তার শ্যালক সাগরের সাথে প্রেম করার সুবাদে সে পালিয়ে বিয়ে করে।
ইত্তেফাক/নূহু