‘আমার বিশ্বাস নেইমার পারবে’

চার বছর আগে ঘরের মাটিতে কোয়ার্টারে ছিটকে পড়েছিলেন নেইমার। এবারও বিশ্বকাপে নামার আগে প্রায় তিন মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। এ অবস্থায় রাশিয়া মিশনে কতটা প্রস্তুত ব্রাজিল সুপারস্টার? জবাবে নেইমারকে নিয়ে আত্মবিশ্বাসের কথা জানালেন দলের সতীর্থ ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা
 
তিনি বলেন, ‘ভালোই তো অনুশীলন করছে। এমনিতে ওর মাথা অসম্ভব ঠান্ডা। ওকে সব সময় বলি, জীবনে কঠিন সময় থাকবেই। জানবে কঠিন সময় কেটে গেলেই আসবে ভাল সময়। ও নিজে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই নিজেকে তৈরি করে ফেলতে চায়। আমার বিশ্বাস নেইমার পারবে।’
 
ইউরোপে ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৫৮ সালে সুইডেনে। অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেল, ইউরোপ থেকে খালি হাতে ফিরছে পেলের দেশ। এ বার কি অন্য কিছু হলেও হতে পারে? এমন প্রশ্ন কিন্তু এড়িয়েই গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তিনি বলেন, ‘আমরা এত দিন তো বিশ্বকাপের জন্যই তৈরি হয়েছি। প্রথম দুঙ্গার কাছে। এখন তিতে কোচ। নতুন কোচিংয়ে গত দু’বছরে দল প্রচুর উন্নতি করেছে। করেছে বলেই বিশ্বকাপের মতো মঞ্চে এত সহজে পৌঁছেছি।’
 
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সিলভা বলেন, ‘হ্যাঁ বিশ্বকাপ জেতা লক্ষ্য। চেষ্টাও করছি। কিন্তু পারব কি না কথা দেওয়া অসম্ভব। এটা বলতে পারি যে লক্ষ্য থেকে আমরা খুব বেশি দূরে নই।’
 
ইত্তেফাক/কেআই