কুমিল্লায় মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় মনির হোসেন (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার একটি খালের পাশ থেকে থানা পুলিশ ওই মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার করে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মনির হোসেন গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। রাত পৌনে ৮টার দিকে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাশে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, 'মনির হোসেন মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।'
 
ইত্তেফাক/এসএস