ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
 
জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপির সভাপতিত্বে ইফতার মাহফিল চলাকালে একদল দুর্বৃত্ত সেন্টারের বাহির থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে সেন্টারে প্রবেশ করে হামলা চালিয়ে পুরো অনুষ্ঠানস্থল লণ্ডভণ্ড করে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। হামলায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সময় কমিউনিটি সেন্টারের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
 
অন্যদিকে, জেলা জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক জেলা সাধারণ সম্পাদক ওয়াহেদুল হক ওয়াহাব অভিযোগ করে বলেন, আজ দুপুর থেকে ইফতারের সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে মৌলভীপাড়াস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অবরুদ্ধ করে রাখে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, হামলার ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস