শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। রুটিন মাফিক পড়াশুনা, পিতামাতা, গুরুজন আর শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে চললেই বঙ্গবন্ধুর এই দেশ আদর্শের সোনার বাংলা হয়ে যাবে। 
 
শুক্রবার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও সাপ্তাহিক ঈশ্বরদীর উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃত্বী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ সব কথা বলেন। এর আগে মন্ত্রী শহরের শেরশাহ্ রোডের পাশে ঈশ্বরদী প্রথম গণগ্রন্থাগার ও ক্যামব্রিয়ান কলেজের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
 
মন্ত্রী বলেন, বাংলাদেশের ছেলে মেয়েরা জার্মান, জাপান, আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেনের ছেলেমেয়েদের চেয়ে মেধার দিক দিয়ে কোন অংশে কম নয়।
 
সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান লায়ন খন্দকার সেলিমা রওশন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ঢাকাস্থ ঈশ্বরদী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু  উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি