রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় প্রায় পাঁচ শতাধিক পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে এ অভিযান শুরু হয়। রংপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুরের মাটিতে এটি ছিল পুলিশের সবচেয়ে বড় অভিযান। অভিযানটিতে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীরা হলেন, শাহীন সরকার (৩৮), লিপ্টন মিয়া (৩২), ইউসুফ আলী (৪০), নাহিদ ওরফে লিটন (২৯), নুরুজ্জামান মিয়া (৪০), নাসির ওরফে ল্যাংড়া নাসির (৩৪) এবং দিলশাদ তানভীর (৩২)।
রংপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হারাগাছ পৌর এলাকাটি বৃহত্তর রংপুরের মাদকের আখড়া হিসেবে পরিচিত। এখানে পাঁচ শতাধিক পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ১০২ পিস ইয়াবা, এক কেজি গাঁজা এবং ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখে পুলিশের অভিযান চলছিলো।
ইত্তেফাক/নূহু