শার্শায় দেড় বিঘা জমির পটলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যশোরের শার্শা উপজেলার কন্দপপুর গ্রামের চাষি তরিকুল ইসলামের পটল ক্ষেত কেটে নিঃস্ব করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে তরিকুলের পটলের গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। আজ শনিবার সকালে কৃষক তরিকুল প্রতিদিনের ন্যায় পটলের জমিতে গিয়ে কাটা গাছ দেখে কান্নায় ভেঙে পড়েন।
 
কৃষক তরিকুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, শত্রুতা করে দুর্বৃত্তরা আমার এই দেড় বিঘা জমির সমস্ত পটলের গাছগুলো কেটে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। ঘটনাটি গোড়পাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার সুবিচার পাওয়ার আসায় এলাকার প্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন।
 
শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কৃষক তরিকুলের বিষয়টি আমরা তদন্ত করছি। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
 
এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দেখি কৃষক তরিকুলের দেড় বিঘা জমির পটল ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তবে চাষি তরিকুল এখনো আমাদের কাছে লিখিত কোন অভিযোগ করে নাই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস