হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জে লন্ডন ভিত্তিক টিভি চ্যানেল ‘এস’ এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
শনিবার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূইয়া এ কমিটি গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন ও ক্রাইম ইন্সপেক্টর মো. কামাল উদ্দিনকে। কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এদিকে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে নির্যাতনের প্রতিবাদ ও দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শহরে মানববন্ধন করেছে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাট্যমেলাসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন নাট্য মেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সবুজ মেলার সভাপতি সফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী কামাল আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম জীবনকে আটক করে অমানুষিক নির্যাতন করে পুলিশ। শুক্রবার সকালে তাকে সদর হাসপাতালে নিয়ে গণপিটুনিতে আহত দেখিয়ে ভর্তি করা হয়। বিকেলে তাকে পুলিশের উপর হামলার অভিযোগ এনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি