বিশ্বকাপের অন্যতম একটা আকর্ষণই হচ্ছে উন্মুক্ত স্থানে বিগ স্ক্রিনে খেলা দেখা। বাংলাদেশসহ পৃথিবীর সব দেশেরই প্রায় বড় শহড়গুলোতে কয়েক হাজার মানুষকে একসঙ্গে খেলা দেখার ব্যবস্থা করা হয় জায়ান্ট স্ক্রিনের।
ফ্রান্সও এর ব্যতিক্রম নয়। প্রতি বিশ্বকাপেই প্যারিসসহ পুরো ফ্রান্সের সবগুলো শহরেই সমর্থকরা জমায়েত হন তাদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য। কিন্তু এবার তাদের সে আশা পূরণ হচ্ছে না। বিশ্বকাপকে সামনে রেখে পুরো ফ্রান্সের জনসমাগমপূর্ণ জায়গাগুলোতে বড় স্ক্রিণে খেলা দেখার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে দেশটির প্রশাসনের পক্ষ থেকে। মূলতঃ গত কয়েক বছরে ফ্রান্সে জঙ্গি হামলা ও সন্ত্রাসবাদ বেড়ে যাওয়াতেই এই পূর্ব সতর্কতা।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমি সকল নির্বাচিত প্রার্থীদের মনে করিয়ে দিচ্ছি যে সব ‘বিগ স্ক্রিণ জোন’ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বর্তমান এ পরিস্থিতিতে গত ইউরোয় যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল, এবারো একই দক্ষতার সাথে সেই ব্যবস্থা নেয়া হবে।’
তবে বড় স্ক্রিণে খেলা দেখা নিষিদ্ধ হলেও বিভিন্ন স্পোর্টস সেন্টার, স্টেডিয়াম, কনফারেন্স সেন্টারগুলোতে খেলা দেখতে বাধা থাকছে না ফ্রান্সের ফুটবলপ্রেমীদের। এমনটাই জানিয়েছে ফ্রান্সের প্রশাসন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৪৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামি ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপের এবারের আসর।
ইত্তেফাক/রেজা