ফেনীর খাজা আহাম্মদ সড়কে চৌদ্দগ্রাম জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে ৫২ ভরি স্বর্ণ এবং আরেকটি দোকান থেকে ১২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম জুয়েলার্সের ম্যানেজার সুজন মজুমদার জানান, গতকাল রাতে ক্রোকারিজ ভিউ নামের একটি দোকানের তালা ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করে মেশিন দিয়ে দেওয়াল কেটে পাশের স্বর্ণের দোকানে প্রবেশ করে। এসময় দোকানে রক্ষিত প্রায় ৫০ থেকে ৫২ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ক্রোকারিজ ভিউ'র মালিক জানান, চোরেরা তার দোকানের শাটারের তালা ভেঙে এবং দোকানের দেয়াল কেটে স্বর্ণের দোকানে প্রবেশ করে। এ সময় তার দোকানের ক্যাশ ভেঙে রক্ষিত ১২ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, ভোর রাতের দিকে ক্রোকারিজ দোকানের শাটারের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে দেয়াল কেটে স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণ নিয়ে গেছে। এটি তার কাছে রহস্যজনক মনে হচ্ছে। এই ঘটনাটি তারা সূক্ষ্মভাবে খতিয়ে দেখছেন এবং চুরির ঘটনায় স্বর্ণ দোকানের মালিক মোহাম্মদ ইয়াছিন থানায় মামলা রুজু করেছেন।
ইত্তেফাক/এসএস