পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগারী ইউনিয়নের পলাশগাছি গ্রামে শনিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
তারা হলো আড়াই বছর বয়সী জান্নাতী আক্তার ও প্রায় সমবয়সী সিন মণ্ডল। জান্নাতী ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে এবং সিন মণ্ডল একই গ্রামের মোস্তা মণ্ডলের ছেলে। 
 
কিশোরগারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম (রিন্টু) পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে শিশু দুটি খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাওছার ইসলাম  জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি