রংপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।  রবিবার ভোরে এ ঘটনা ঘটে।  রফিকুল পৌর এলাকার নতুন বাজার এলাকার বাসিন্দা। 
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, রবিবার ভোরে পুলিশের একটি দল হারাগাছ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের লাশ পাওয়া যায় এবং অন্যান্য মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন পুলিশ। 
 
তিনি আরো জানান, রফিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক আইনে মামলা রয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 
ঘটনাস্থল থেকে ২২৬ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল, চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি