তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে কর্মচারীদের ধর্মঘট

তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে কর্মচারীরা পৌরসভার মূল ফটকে তালা মেরে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
 
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা পৌরসভায় কর্মবিরতিসহ এ অবস্থান ধর্মঘট পালন করেন।
 
তানোর পৌরসভা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ ৬ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। আর কয়েক দিন পর ঈদ অথচ এখনও আমাদের বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে আছি। মেয়র ও প্রকৌশলী সাহেব ইচ্ছেমতো অফিস করেন। তারা আমাদের বেতনের বিষয়ে কোন গুরুত্ব দেন না।
 
তিনি আরও বলেন, যতদিন আমাদের বেতন-ভাতা না হবে, ততদিন আমরা কর্মবিরতি রেখে ধর্মঘট চালিয়ে যাবো।
 
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, অহেদুজ্জামান বাবু, আনারুল ইসলাম, কাজিম উদ্দীন, ওমর আলী, বিমল চন্দ্র প্রামানিক, নূরজাহান, মামুনুর অর রশীদ প্রমুখ।
 
এ নিয়ে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
ইত্তেফাক/নূহু