নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নাগেশ্বরীতে বিদ্যালয়ের এমপিও তালিকায় এক নাম দুইবার মুদ্রণ হয়েছে ভুলক্রমে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত মুদ্রিত ওই নামের বিপরীতে আসা সরকারি বেতন ভাতাদির ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন এক ব্যাক্তি।
 
অভিযোগে জানা যায়, সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত কৃষি শিক্ষক সুলতান মাহমুদ গত ২০১৪ সালে এমপিওভূক্ত হন। যার ইনডেক্স নম্বর ১০৬৯৮০০। ওই এমপিও শিটে ভুলবশতঃ সুলতান মাহমুদের নাম দুইবার মুদ্রিত হয়। অন্যটির ইনডেক্স নম্বর ১০৭২৬৩৯, বেতন কোড: ১০। 
 
প্রধান শিক্ষক আব্দুল গণি সরকার জনৈক সিরাজুল ইসলাম মণ্ডলের জাতীয় পরিচয় পত্রের এনআইডি নম্বর-১৯৮০৪৯২৫২০২১০৫৫১০ ব্যবহার করে একটি ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে এমপিও শিটে অতিরিক্ত মুদ্রিত সুলতান মাহমুদের নামে সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখায় একটি হিসাব নম্বর খোলেন। যার নম্বর ৫২১২৬০১০২৩৮৯৬। 
 
ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী প্রধান শিক্ষক আব্দুল গণি ১০৭২৬৩৯ ইনডেক্স নম্বরে আসা বেতন ভাতা ওই হিসাব নম্বরে জমা করে এ পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ২৪০ টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেছেন। এছাড়াও ওই হিসাব নম্বরের বিপরীতে তিনি ভোগ্যপণ্য ঋণ করেন ২ লক্ষ ৫০ হাজার টাকা।
 
ঘটনাটি জানাজানি হলে ওই এলাকার সফিকুল ইসলাম গত ৬ মে বিষয়টির সুষ্ঠ তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। 
 
সরেজমিন তদন্ত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৭ মে মাধ্যমিক শিক্ষা অফিসে এর তদন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রকৃত সুলতান মাহমুদ তার নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হলেও প্রধান শিক্ষক উপস্থিত হননি। 
 
প্রধান শিক্ষক আব্দুল গণি সরকার জানান বুধবার ওই টাকা ফেরৎ দেওয়া হবে।
 
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জহুরুল হক বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে প্রধান শিক্ষক কাগজপত্র জাল করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। তদস্ত শেষে রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক অবশ্যই এ কাজটি ভালো করেননি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
 
ইত্তেফাক/নূহু