বোদায় ঝুকিপুর্ণ ব্রিজ দিয়ে শত ভারি যানবাহন পারাপার

পঞ্চগড়ের বোদা উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের পাশে পাথরাজ নদীর ওপর ব্রিজটি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রিজটির পূর্ব-উত্তর প্রবেশদ্বারের অর্ধেক গার্ডার ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। ঢাকা থেকে পঞ্চগড় জেলার প্রবেশ পথে প্রতিদিন এই ব্রিজ দিয়ে লাখ মানুষ চলাচল করে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
 
বিশেষ করে দুরপাল্লার ডে-নাইট কোচগুলো ও পাথর বোঝাই ট্রাকসহ লোকাল বাসের যাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পার হয়ে থাকেন প্রতিনিয়ত। এই ব্রিজটি ভেঙে গেলে লাখ মানুষের কষ্টের শেষ থাকবে না। তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর যেতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। ব্রিজের ওপর ভারি যানবাহন চলাচলের সময় ব্রিজটি কাঁপতে থাকে। এতে চলাচলরত মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
 
গত বছর এলজিইডি অফিস থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এরপর অল্প কিছু জোড়াতালি দিয়ে সংস্কারের কাজ হলেও পরে আরো ফাটল দেখা দেয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু