লোহাগাড়াস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দুই পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশটুকুকে যানজটমুক্ত রাখতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রবিবার উপজেলার পদুয়াস তেওয়ারীহাটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। দুপুরে উক্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান মোল্লা এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
আগের দিন দুপুরে উপজেলা বটতলী মোটর স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দুইপাশে ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম। অভিযানে বটতলী মোটর স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুইপাশের ভাসমান দোকানগুলো উচ্ছেদ করে করা হয়। এ সময়ে আদালতে ১৪টি ভাসমান দোকানকে ১৪ হাজার টাকা জরিমান করা হয়।
জানা যায়, উপজেলার বটতলী ও পদুয়া বাজারের সড়কের দুইপাশের ফুটপাত দখল করে গড়ে ওঠেছে বহু ভাসমান দোকান। এমনকি প্রত্যেকদিন বিকেলে উক্ত বাজারের সড়কের একপাশে বসে হাটবাজার। ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে এসেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম জানান, মহাসড়কের ফুটপাত দখল করে ভাসমান দোকান করা যাবে না। আইন অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে ইউএনও ও পদুয়া বাজারে অতিরিক্ত পুলিশ সুপার ফুটপাতে অভিযান পরিচালনা করছেন।
ইত্তেফাক/নূহু