মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৯৬ জন গ্রেফতার

 
রাজধানী ঢাকায় গতকাল রবিবার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
 
সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সুমন কান্তি চৌধুরী সাংবাদিকদের বলেন, সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করে।
 
এ সময় ৫ হাজার ৯৪৭টি ইয়াবা, ১ কেজি ২০২ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০০  বোতল ফেনসিডিল, ১২৫ বোতল দেশি মদ ও ৬২টি ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।
 
এদিকে র‌্যাব-২ রাজধানীর তেজগাঁও এবং মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ