চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি ঘর ভষ্মীভূত

বাগেরহাটের চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ও টুঙ্গিপাড়া এবং নাজিরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে সদর বাজারে মো. আবুতালেব শেখের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আবু তাহের শেখের বসত ঘর ও মশিউর খলিফা, এশারত শেখ, আলমগীর শেখ ও তাইজুল কাজীর বসত ঘরসহ ৬ টি বসত ঘর আগুনে ভষ্মীভূত হয়েছে।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাশেদ শেখ, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, যুব লীগের আহবায়ক   শেখ, নজরুল ইসলাম,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ ও তার সহযোগীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় যোগ দেন। এ সময় আগুন নেভাতে গিয়ে এমদাদুল হক (৩২), বিভাষ সাহা (২৫), সুমন সাহা (২২), হাসান সরদার (১৮) আহত হন।
 
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে  আমরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তালিকা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/নূহু