গৌরীপুরে ভেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস

সোমবার ময়মনসিংহের গৌরীপুরে ভেজালবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারহানা করিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ভেজাল খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির দায়ে স্থানীয় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য সামগ্রী ও পণ্য জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন সেমাই, চা পাতা, কয়েল, নিষিদ্ধ পলিথিন ও  ভেজাল গুড়া মসলা বিক্রির দায়ে বিজয় সরকার, শ্যামচন্দ্র পোদ্দার, সুমন দেবনাথ, প্রদীপ চন্দ্র দেবনাথ, সুজন মোদক নামে স্থানীয় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
 
পরে জব্দকৃত ভেজাল খাদ্য ও পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত অভিযানের সঙ্গে ছিলেন ২-এপিবিএন (আর্মড পুলিশ) মুক্তাগাছা ময়মনসিংহের ওসি আপারেশন মোঃ কাউয়ুম। তার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন গৌরপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিকসহ পুলিশ সদস্যরা।
 
ইত্তেফাক/নূহু