সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের সহির প্লাজায় রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার বিকাল ৪টার দিকে। প্লাজার দ্বিতীয় তলায় মার্কেটের অফিস কক্ষে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। সহির প্লাজাসহ আশপাশের মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সূত্র জানায়, এই মার্কেটের মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ চলছে। অগ্নিকাণ্ডের সময় অফিস কক্ষে মার্কেটের অংশিদার সাঈদ আহমদ সাকিব বসা ছিলেন। অগ্নিকাণ্ডের পর তিনি কক্ষ থেকে বেরিয়ে আসেন। আগুনের ধোঁয়া দেখে পাশ্ববর্তী উত্তরা ব্যাংকের কর্মকর্তা এগিয়ে এলে সাকিব এক কর্মকর্তার গায়ে হাত তুলেন বলে অভিযোগ করেন উত্তরা ব্যাংকের জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ।
সহির প্লাজার ব্যবস্থাপক বিমল কর বলেন, আমি একটি কাজে বাইরে গিয়েছিলাম। অফিসের ভেতরে সাঈদ আহমদ ও এক নৈশ প্রহরী ছিলেন। আচমকা আগুন দেখে দৌড়ে আসি। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই মার্কেটের মালিকানায় রয়েছেন চার ভাই। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ আছে বলে শুনেছি। মার্কেটের অফিস কক্ষের একটি সোফা পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ ডুকমেন্ট পুড়ানোর জন্য সাঈদ আহমদ সাকিব নিজেই এই আগুন লাগাতে পারেন বলে অভিযোগ করেন ওই মার্কেটের একাধিক ব্যবসায়ী।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। এই অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।
ইত্তেফাক/নূহু