খালিয়াজুরীতে তিন জুয়াড়ির অর্থদণ্ড

নেত্রকোনার খালিয়াজুরীতে বাজারে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে তিন জুয়াড়িকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
 
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এ আদালত পরিচালনা করেন।
 
আদালত জুয়াড়িদের কাছ থেকে ৮০০ টাকা জরিমানা আদায় করাসহ ভবিষ্যতে আর কোনো দিন জুয়া খেলবে না মর্মে মুচলেখা রেখে তাদেরকে ছেড়ে দেন।
 
দণ্ডিত জুয়াড়িরা হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের মৃত হাজী সোনা মিয়ার ছেলে হাদিস মিয়া (৩০), একই গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মিন্নত আলী (৩৫) ও আব্দুল মজিদের ছেলে মঞ্জু মিয়া (২৬)।
 
খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, উপজেলার পাঁচহাট বাজারের নোমান মিয়ার ওষুধের দোকানের পেছনের একটি কক্ষে বসে প্রকাশ্যে ৪ জুয়াড়ি জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করতে পারলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়।
 
ওসি আরো জানান, আটক জুয়াড়িদেরকে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের এ অর্থদণ্ডে দণ্ডিত করেন।
 
ইত্তেফাক/নূহু