মানিকগঞ্জে ইউনিয়ন পরিষদের রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রকল্পটির সুপারভাইজার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার কামতা ইউনিয়নের দরিদ্র তহবিলের একটি রাস্তা পুনঃনির্মানের কাজে সুপারভাইজার ফারুকের কাছে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দেওয়ায় অপারগতা জানালে শনিবার সকালে সুপারভাইজার ফারুকসহ তার লেবারদের মারধর করে খুন গুমের হুমকি দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন সাটুরিয়ার কামতা এলাকার মো: বাশার (৩২), মো: আবুল বাশার (২৭), মো: আবুল হোসেন (৩৬), মো: রতন (২০), মো: লতিফ (২৩), মো: রিপন (২৯), মো: নাছির উদ্দীন (৩২), মো: সজিবসহ (২২) অজ্ঞাতনামায় আরো ১০ জন।
এ বিষয়ে মামলার প্রধান আসামি বাশারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ফ্যাক্টরীর পিছনে একটি কাচা রাস্তা সংস্কারের কাজ করছিলেন ফারুক। স্থানীয় গ্রিল দোকানদার হেলাল ঐখান থেকে দুই সাজী মাটি নিলে তাকে মারধর করা হয়। এ বিষয়ে বাঁধা প্রদান করায় তারা আমাদের পরিকল্পিতভাবে হয়রানী করছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, মারামারির ঘটনায় সুপাইভাইজারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
ইত্তেফাক/নূহু