সীতাকুণ্ডে চাঁদাবাজির দায়ে চার যুবক আটক

সীতাকুণ্ডে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে একটি শিপব্রেকিং ইয়ার্ডের রাস্তার ওপর খুঁটি পুঁতে মালামাল ডেলিভারি বন্ধ করে দেয়ার দায়ে বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে থেকে চার যুবককে আটক করেছে পুলিশ।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নস্থ জোড়ামতল এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদ নামক একটি প্রতিষ্ঠানের কতিপয় সদস্য প্রতিবছর ঈদ-কোরবানসহ নানান উৎসবের নামে স্থানীয় শিপব্রেকিং ইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। সেই ধারাবাহিকতায় গত রবিবার জোড় আমতলে জনতা স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে লাভলু, রায়হান, ইসমাইল ও মহিউদ্দিন। 
 
এ সময় মালিক তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তারা ইয়ার্ডের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে ইয়ার্ডের মালামাল সরবরাহ বন্ধ করে দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
 
আটককৃত চার যুবক নিজেদের অপরাধ স্বীকার করলে ইয়ার্ড মালিকের সম্মতিক্রমে পুলিশ তাদের কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। এদিকে জনতা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের মালিক শিল্পপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা প্রতিবছর ঈদ-কোরবানসহ বিভিন্ন সময়ে তাদের চাহিদা মত চাঁদা দাবি করে তারা সমস্যা সৃষ্টি করে বিধায় পুলিশে খবর দেই।
 
এ ব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোজাম্মেল হক পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা অপরাধ স্বীকার করায় মালিকের অনুমতিক্রমে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/নূহু