গোপালগঞ্জে ছিনতাইকারী হাতেনাতে আটক

গোপালগঞ্জে সোনালী ব্যাংকে গ্রাহকের ব্যাগ কেটে টাকা ছিনতাইয়ের সময় সোহেল জমাদার (২৬) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক গ্রাহকরা। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনা ঘটেছে।সোহেল কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নগরীপাড়া গ্রামের মৃত রফিক জমাদারের ছেলে।
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইাসলাম জানান, গোপালগঞ্জ জেলা হিসাবরক্ষক অফিসের হিসাবরক্ষক মো. বাবুল সিকদার অফিস কর্মচারীদের বেতন ও বোনাসের ২ লাখ ৬৫ হাজার টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করেন। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় সোহেল ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় হিসাব রক্ষক ও ব্যাংকের অন্য গ্রাহকরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 
 
আটক সোহেল সোমবার রাতে ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন বলে পুলিশকে জানিয়েছে।  এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি  চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
 
ইত্তেফাক/নূহু