মাগুরায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা

আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গতকাল মঙ্গলবার মাগুরায় প্রদর্শন করা হয়েছে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা। সকাল ৯টায় মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে এ পতাকা প্রদর্শন করা হয়। আমজাদ হোসেন নামে এক জার্মান ফুটবল প্রেমী কৃষক এ পতাকা তৈরি করেন। এসময় ঢাকার জার্মান দূতাবাসের কূটনীতিক  কার্নে উইজোরা, কালচারাল ও এডুকেশন অফিসার তামারা কবির, মগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, চাউলিয়া ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
২০১৪ সালে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা কৃষক আমজাদ হোসেন ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৩ কিমি লম্বা জার্মান পতাকা তৈরি করেন। সেই পতাকা দেখতে মাগুরায় এসেছিলেন জার্মান রাষ্ট্রদূত। তাকে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয় । এবার তার পতাকা তৈরিতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। উল্লেখ্য, জার্মান হোমিও ওষুধ খেয়ে তার অসুখ সারায় তিনি জার্মানির ভক্ত হয়ে যান।