টাঙ্গাইলের সখীপুরে অচেতন অবস্থায় এক পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশিরা। মঙ্গলবার ইফতারের পর সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের আবদুল মজিদ তালুকদারের পরিবারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে তাদের হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টন জানান, ইফতার খেয়ে আবদুল মজিদ তালুকদার, তার স্ত্রী হাছনা বেগম, পুত্রবধূ জেসমিন আক্তার, নাতনি অন্তরা ও নাতি জিহাদ হাসান আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। পর অচেতন অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, কোনো অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে সর্বস্ব লুট করে নেয়ার পরিকল্পনায় এমন ঘটনা ঘটাতে পারে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, সাধারণত নেশাজাতীয় দ্রব্য খাওয়ার পর এ ধরণের অবস্থার সৃষ্টি হয় রোগীদের। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি