গোবিন্দগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। এদের মধ্যে উপজেলার সাপমারা ইউনিয়নের মাল্লা গ্রামে পুকুরের পানিতে ডুবে তৌহিদ (৫) ও রনি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। তৌহিদ ওই গ্রামের শাহিন মিয়ার এবং রনি আইনুল হকের ছেলে। 
 
সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম পরিবারের বরাত দিয়ে জানান, তৌহিদ ও রনি মঙ্গলবার বিকেলে পুকুরের পাশে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পরে যায়। পরে তাদের মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠে।
 
অপরদিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু রাণীর (৭) মরদেহ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাণী ওই ইউনিয়নের নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
 
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, ধুন্দিয়া গ্রামে করতোয়া নদীতে মঙ্গলবার বিকেলে নানীর সঙ্গে রাণী গোসল করতে যায়। কিন্তু নদীতে নামার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিস দুই ঘণ্টাব্যাপী চেষ্টার পরও তাকে উদ্ধার করতে না পেরে রাত ১০টায় অভিযান শেষ করে। পরের দিন বুধবার বেলা সাড়ে ১১ টার তার মরদেহ উদ্ধার করেন তারা।  
 
ইত্তেফাক/কেআই