আখাউড়া সীমান্তে ২৮টি বিদেশি পাখি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন প্রজাতির মূল্যবান ২৮টি পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব পাখির মধ্যে টিয়া ৬টি, কাকাতোয়া ৪টি ও বালিহাঁস ১৮টি। উদ্ধারকৃত পাখিগুলো নিয়ে আসা হয় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের নিকট।

বুধবার দুপুরে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলীর উপস্থিতিতে উদ্ধারকৃত পাখিগুলো উন্মুক্ত করতে গিয়ে দেখা যায় পাখিগুলোর ডানা ভাঙ্গা। কয়েকটি পাখিকে ছেড়ে দিলেও পাখিগুলো উড়তে না পারায় তাদের উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রাখা হয়।
 
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলী বলেন, সন্ধ্যায় আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৩টি কাঠের খাঁচা ফেলে যায়। খাঁচায় বিভিন্ন প্রজাতির ১৮টি পাখি পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে সম্ভবত পাখিগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিল।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, পাখিগুলো উড়তে পারে না। তাই এগুলো ছাড়া হয়নি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু