মহানগরবাসীর অভিযোগই আমাদের উপদেশ : লিটন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘একটি দল যখন সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকে, তখন সেই দলকে কোন অপশক্তিই পরাজিত করতে পারে না। তাই আগামী সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে মহানগরবাসীর দুয়ারে দুয়ারে যেতে হবে। তাদের বোঝাতে হবে রাজশাহীর উন্নয়নে আওয়ামী লীগের কী ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের বিগত নির্বাচনে আমরা ভেবেছিলাম, আওয়ামী লীগ বিজয়ী হবে। এবার সেই ভ্রান্ত ধারণা নিয়ে কাজ করা যাবে না। আগে থেকে প্রত্যেক মহানগরবাসীর কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। তাদের সঙ্গে মিশতে হবে। তাদের মনে ঠাঁই করে নিতে হবে। মনে রাখতে হবে, মহানগরবাসীর অভিযোগই আমাদের জন্য উপদেশ।’

মঙ্গলবার রাজশাহী মহানগর যুবলীগের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, এবার শুধু সিটি করপোরেশন নির্বাচনেই নয়, বড় ব্যবধানে আমাদেরকে সকল নির্বাচনে বিজয়ী হতে হবে। এ জয়ের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে হবে রাজশাহী এখন আওয়ামী লীগের প্রাণকেন্দ্র।

ইত্তেফাক/নূহু