ফেনীর ফুলগাজীতে বুধবার এক মাস বয়সী শিশু কন্যাকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে তার মায়ের বিরুদ্ধে। তাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম নাদিয়া সুলতানা। তার বাবা উপজেলার দক্ষিণ গাবতলা গ্রামের সরওয়ার হোসেন।
জানা যায়, পরিবারের লোকজন বুধবার বিকালে ঘরের মেঝেতে শিশুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মা সাহেদা পাশে নির্বাক বসেছিলেন। পাশে পড়েছিল রক্তমাখা দা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সরওয়ার হোসেন জানান, শিশুটির জন্মের পর সম্প্রতি তার স্ত্রী সাহেদা আক্তার (২৮) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসাও চলছিল।
ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাহেদাকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি