বদরগঞ্জে বজ্রপাতে নিহত-২

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে আলমগীর হোসেন (২৪) ও আয়েশা বেগম (৫৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহঃস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট সংলগ্ন এলাকায় ও পৌরশহরের শাহাপুর মাস্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আলমগীর বাড়ির সামনে পাকা রাস্তায় ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আলমগীর টেক্সেরহাট এলাকার সামসুল হকের ছেলে।

এদিকে, পৌরশহরের শাহাপুর মাস্টারপাড়া মহল্লায় গৃহবধূ আয়েশা বেগম গৃহস্থালির কাজ করা অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হাই রুবেল জানান, আলমগীর ঘটনাস্থলেই ও আয়েশা বেগম হাসপাতালে আসার পর মারা যান।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর শুনেছি।

ইত্তেফাক/নূহু