গেন্ডা সড়কে ড্রেনের জন্য রাস্তা খুড়াঁখুড়ি হলেও তা মেরামত হয়নি

সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘ ১০ বছরেও এ সড়কের কোন সংস্কার কাজ হয়নি। ফলে সড়কের পুরোটা অংশেই খানাখন্দে ভরে গেছে। পানি নিষ্কাশনের জন্য নালা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।  এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় সড়কের পরিবেশ বিষময়। কয়েক মাস পূর্বে ড্রেনের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খুড়াঁখুড়ি করা হলেও তা আর মেরামত করা হয়নি। ফলে বৃষ্টির দিন হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। 
 
এলাকার বাসিন্দা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ কাইয়ুম খান বলেন, এলাকার রাস্তায় চলাচল করা খুবই দুষ্কর। সামান্য বৃষ্টিতে রাস্তা পানিতে ডুবে যায়। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 
 
সামাজিক সংগঠন বৈশাখী ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আল মাহমুদ খান তুর্য বলেন, জুতা বা স্যান্ডেল পায়ে রাস্তায় বের হওয়া যায় না।  রাস্তায় বড় বড় গর্ত থাকায় রাতে অন্ধকারে রিক্সা উল্টে অনেকেই আহত হয়েছেন। 
 
IMG0
 
ভুক্তভোগীরা আরো বলেন, গেন্ডা বাসষ্ট্যান্ড হয়ে গেন্ডামুখী সড়কের যে বেহাল অবস্থা তা না দেখলে বুঝা মুশকিল। এ সড়কে পানি জমে থাকায় ও ভাঙ্গাচোড়ার কারণে রিক্সা অটোরিক্সা পর্যন্ত চলাচল করতে চায় না। এছাড়া গেন্ডায় বড় কাঁচামালের পাইকারি বাজার থাকায় সাধাপুর, চাকুলিয়া এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন কাঁচামাল ও শাকসবজি বাজারে নিয়ে আসে কৃষকরা। রাস্তার দুরবস্থার কারণে বাজারে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। 
 
এব্যাপারে ৯নং ওয়ার্ড কমিশনার আয়নাল হক গেদু এলাকার রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ড্রেনের পাইপ বানানো হচ্ছে। পাইপ বসানোর পর পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। 
 
ইত্তেফাক/রেজা