সাদুল্লাপুরে কিশোরী ধর্ষণের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। সুজন মিয়া (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে বুধবার রাতে থানায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত সুজন মিয়া উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজম উদ্দিন খাঁর ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির জানান, নির্যাতনের শিকার ওই কিশোরী বুধবার সকাল ১১টায় বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় প্রতিবেশী সুজন তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তখন কিশোরীটির চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তার আগেই সুজন পালিয়ে যায়।

তিনি আরো জানান, স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে প্রচুর রক্তক্ষরণ হতে থাকায় পরে সন্ধ্যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর দাদী বাদী হয়ে বুধবার রাতে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রাতেই অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আফরুজা সুলতানা জানান, কিশোরীর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার সার্বিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু