সাভার জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতরে একটি নির্জন এলাকা থেকে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ভ্যান চালকের নাম নিহত নয়ন মিয়া (২৮)। সে যশোরের ঝিকরগাছা থানার গনি মিয়ার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধের মূল স্তম্ভ থেকে আধা কিলোমিটার দূরের সীমান্ত প্রাচীর ঘেষা একটি নির্জন স্থান থাকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নয়ন বৃহস্পতিবার রাত ২টার দিকে কাজের কথা বলে ঘর থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না। সকালে লোকমুখে লাশ উদ্ধারের খবর শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক নয়নের লাশ সনাক্ত করে। নয়ন আশুলিয়ার কুরগাঁও এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে ভ্যান চালাত বলে জানা গেছে।
আশুলিয়া থানার এসআই মো. ছোটন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে এনে ফেলে গেছে। তার মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্মৃতিসৌধের দূরে দক্ষিণ-পশ্চিম দিকের শেষ সীমানা প্রাচীর ঘেষে এ লাশটি উদ্ধার করা হয়। নির্জন ওই এলাকায় তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
ইত্তেফাক/কেআই