চাটমোহরে শ্লীলতাহানীর শিকার এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে বখাটে কর্তৃক শ্লীলতাহানী চেষ্টার শিকার ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইমুনা খাতুন (১২) উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের ময়েজ আলীর মেয়ে ও শরৎগঞ্জ রইচ উদ্দিন দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এই ঘটনার পর অভিযুক্ত বখাটে শাহাদৎ হোসেন পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাইমুনা। পথে তাকে একা পেয়ে একই এলাকার মোনতাজ আলীর বখাটে ছেলে শাহাদৎ শ্লীলতাহানীর চেষ্টা করে।

ধ্বস্তাধস্তির এক পর্যায়ে মাইমুনা পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি সবাইকে জানায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় রশির ফাঁস দেওয়া অবস্থায় মাইমুনার মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা। তারা তখনই পুলিশে খবর দেয়।

বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদৎ ঘরে ঢুকে মাইমুনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, শ্লীলতাহানীর চেষ্টার ঘটনা ঘটলেও মাইমুনার পরিবার পুলিশকে কিছুই জানায়নি। তবে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ইত্তেফাক/নূহু